ফাইল ছবি
সোনারগাঁ উপজেলার কাঁচপুর রাজস্ব সার্কেলের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মো. ইমরান হাসানের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী কর্মকর্তা। অনৈতিক সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে এই চক্রটি তাঁর বিরুদ্ধে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কাঁচপুর রাজস্ব সার্কেলের সেবামূলক কার্যক্রমে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তরুণ এই কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে চলা এই ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও নিয়মিত সেবাগ্রহীতারা।
সেবাগ্রহীতা মামুন জানান, কাঁচপুর সার্কেলের ইমরান ভাই অত্যন্ত ভদ্র ও ভালো মনের মানুষ। সেবাগ্রহীতাদের সাথে তিনি সবসময় বিনয়ী ভাষায় কথা বলেন। এমন একজন সৎ ও ভালো মানুষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা কখনো সমাজের ভালো চায় না।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদির বলেন, ইমরান যোগদানের পর থেকে কাঁচপুর সার্কেলে ভূমি সেবার মান অনেক বেড়েছে। দালাল ও অসাধু চক্র সুযোগ না পেয়ে এখন তাঁর সুনাম ক্ষুণ্ন করার নোংরা খেলায় লিপ্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তরুণ এই কর্মকর্তা নীতি ও আদর্শে অটল থেকে কাজ করছেন বলেই একটি স্বার্থান্বেষী মহলের আক্রোশের শিকার হয়েছেন। প্রশাসনের উচিত অবিলম্বে এই চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনা।
অভিযোগের বিষয়ে মো. ইমরান হাসান বলেন, আমি সবসময় সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কখনো কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও হব না। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়াচ্ছে তা আমার জানা নেই। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

