শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সরকারবিরোধী মিছিল থেকে চার ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় সরকারবিরোধী মিছিল থেকে চার ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া করে চার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে একই এলাকা থেকে কেন্দ্র ও জেলা পর্যায়ের এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, মাসদাইর ও অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

​ওসি আরও জানান, এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইসদাইর এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সহসভাপতি ও জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।