বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আখ চাষে লাভবান কৃষকরা, বাড়ছে চাষের আগ্রহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে আখ চাষে লাভবান কৃষকরা, বাড়ছে চাষের আগ্রহ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আখ চাষ। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রতি মৌসুমে আখ চাষ করে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত লাভ করছেন এক এক কৃষক। কৃষকদের পাশাপাশি আখ কিনতে আগাম মাঠে ছুটে আসছেন পাইকাররাও। বিশেষ করে রোদের তাপমাত্রা বেশি থাকায় আখের চাহিদা বাড়ছে। অনেক পাইকার আগাম আখ কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে।

রূপগঞ্জকে অকৃষি  ঘোষণা করলেও উপজেলার জাহাঙ্গীর, বিরাবো, আতলাসপুর,  বাসুন্দা, পাইসকা, হারিন্দাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের আখ চাষ করেছেন কৃষকরা। বাপ দাদার আমলের এ পেশা ধরে রাখতে অনেকেই এখনো আখ চাষ করে আসছেন। 

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে, এবার প্রায় ৭৪ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে লতারিজবা জাতের আখ চাষ হয়েছে ৪৪ হেক্টর জমিতে। এছাড়া মিশ্রিদানা ৮ হেক্টর, বাঁশটেনাই ৫ হেক্টর, সূর্যমুখে ৭ হেক্টর এবং ঈশ্বরদী-১৬ জাতের আখ চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে।

কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ভালো দাম পাওয়া গেলে এ মৌসুমে আখ চাষ থেকে আরও বেশি লাভ হবে। আখ চাষে তুলনামূলকভাবে খরচ কম এবং ফলন ভালো হওয়ায় লাভও বেশি। কেউ জমি থেকে পাইকারদের কাছে আখ বিক্রি করছেন, আবার কেউ রাস্তার পাশে আখের দোকান বসিয়ে বরফ দিয়ে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। এতে বাড়তি লাভের সুযোগও তৈরি হচ্ছে। কেউ একই চাষের জমিতে টমেটো, গাজর, আলু সহ নানা শাকসবজি চাষ করছেন। এতে কম খরচে অধিক লাভের সুযোগ মিলছে কৃষকদের।  তাই আগামীতে আখ চাষের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা করছেন অনেক কৃষক।

কৃষকরা বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষ করায় অনেক লাভবান কৃষকরা। সরকারি সহায়তা পেলে আখ চাষের ফলবান আরো বাড়ানো সম্ভব বলে জানান কৃষকরা।

রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, রূপগঞ্জের কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে। কিভাবে তারা আখ রাশে লাভবান হবে এবং ভালোভাবে বাজারজাত করতে পারবে সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। 

এখনো যে পরিমাণ কৃষি জমি রয়েছে সরকারিভাবে আর্থিক সহযোগিতা, প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক প্রশিক্ষণ পেলে আখ চাষে অধিক লাভবান হবে এবং এ পেশায় আগ্রহ আরো বাড়বে।