বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫১, ৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ফাইল ছবি

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে হাজী মো. ইব্রাহীম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
‎
‎পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, স্বামীকে বিদেশ পাঠানোর বিষয়ে জরুরি কথা বলার কথা বলে ওই গৃহবধূকে নিজ ভাড়া বাসায় ডেকে নেন হাজী মো. ইব্রাহীম। বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারী সেখানে গেলে কথাবার্তার একপর্যায়ে ইব্রাহীম তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারী চিৎকার করলে তাকে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
‎
‎পরবর্তীতে ওই নারী বিষয়টি তার স্বামী, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানালে বুধবার সকালে স্থানীয়রা অভিযুক্তের কক্ষে গিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহীমকে হেফাজতে নেয়।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগী সাহিদা আক্তার (২০) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার নম্বর-১৬, তারিখ ৭ অক্টোবর ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩-এর ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পর অভিযুক্ত হাজী মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।