ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাইল, কাশীপুর ও ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

