আবু আল ইউসুফ খান টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, জিয়া পরিবার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা সবাই নামাজ পড়ি, দেশের মানুষের জন্য দোয়া করব। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি যেন আল্লাহ আমাদের দেন। বিএনপির সরকার যেন ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারে এবং তারেক রহমান যেন তাঁর বাবা-মায়ের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারেন—আজকের জন্মদিনে এটাই হোক আমাদের শপথ।”
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “আজকের এই জন্মদিনে আমরা শপথ নেব এবং মিলাদ ও দোয়া মাহফিল শেষে তারেক রহমানের জন্য প্রাণখুলে দোয়া করব। আমাদের নেতা জিয়াউর রহমান চলে গেছেন, বেগম খালেদা জিয়াও চলে গেছেন। তারেক রহমানকে যদি কেউ ধ্বংস করতে পারে, তাহলে তারা এই দেশটাকেও লুটেপুটে খাবে। আমরা কোনোভাবেই এই দেশকে লুটেপুটে খেতে দেব না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমরা তারেক রহমানের পাশে থাকব। জনগণের জানমালের কোনো ক্ষতি হতে দেব না। নারায়ণগঞ্জের জনগণের যেকোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকব। কোনো গডফাদারের নারায়ণগঞ্জ হতে দেব না—এটাই আজকের আমাদের শপথ।”
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

