শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ কারাগারের বন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৩, ৮ অক্টোবর ২০২৬

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ কারাগারের বন্দির মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা ডাকাতির মামলায় কারাবন্দি সজিব আহমেদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সজীব আহমেদ (২৫) মারা যান।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় সজীবকে কারাগারের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শনিবার (৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। খানপুর হাসপাতালে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করে ঢামেক হাসপাতালে পাঠান। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, সজীবের ওজন তুলনামূলক বেশি ছিল। পাশাপাশি তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

মৃত সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

জানা যায়, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।