রোববার, ১১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অবৈধভাবে মজুত ৩ কোটি টাকার সুতা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৬, ১০ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে অবৈধভাবে মজুত ৩ কোটি টাকার সুতা জব্দ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্যাট চালানপত্র ছাড়াই অবৈধভাবে মজুত করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের সুতা জব্দ করেছে জেলা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট (সিইভিসি)।

শনিবার (১০ অক্টোবর) আড়াইহাজারের পুরিন্দা বাজারে ভ্যাট কমিশনারেটের একটি টিম অভিযান পরিচালনা করে। 

এ সময় অনিক ট্রেডার্সের চারটি গুদামে অভিযান চালিয়ে চীন ও ভারত থেকে আমদানি করা ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআর জানায়, পুরিন্দা বাজারে অবস্থিত ‘অনিক ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী হাজী মোবারক মোল্লার চারটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়। এ সময় কর চালানপত্রবিহীন মেটালিক ইয়ার্ন, পলিয়েস্টার ইয়ার্ন ও নাইলন ইয়ার্নসহ বিভিন্ন ধরনের সুতা উদ্ধার করা হয়। এসব সুতার উৎপত্তিস্থল চীন ও ভারত। অভিযানে উদ্ধার করা মোট ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা উপস্থিত কর্মকর্তাদের সামনে জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।

নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট জানিয়েছে, ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম নেওয়া হয়েছে।