ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় পুলিশের চেকপোস্টে কক্সবাজার ও টেকনাফ থেকে ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে আষাড়িয়ারচর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাঁদের শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটিতে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত দুই নারী হলেন কক্সবাজারের চকরিয়া থানার মাতারবাড়ী মকডিল এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী ফাতেমা (৪৫) এবং একই থানার ইলিশিয়া লাল ব্রিজ এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী খালেদা (৩৩)।
এর প্রায় এক ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে একই চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন যাত্রী আয়াছকে (২৫) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। পরে তাঁর শরীর থেকে বিশেষভাবে বহন করা ১০টি প্যাকেটে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আয়াছ (২৫) কক্সবাজারের টেকনাফ থানার নোয়াখালীপাড়া এলাকার মৃত ফরিদ উল্লাহ ও নুরছেমনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

