প্রতীকী ছবি
ঢাকা–সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে ট্রাকচালক ইসমাইল (৪০) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকের সহকারী রায়হান হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে এক ব্যক্তি একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উঠে থাকতে দেখেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে যানটি সরাসরি ট্রাকের সামনের অংশের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকচালক প্রাণ হারান এবং সহকারী গুরুতর জখম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

