ফাইল ছবি
নারায়ণগঞ্জে দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য নিজস্ব ভেন্যু তৈরি করেছে নাহার চেস একাডেমি। শহরের ফতুল্লার তল্লা এলাকায় প্রায় চার কাঠা জমির ওপর নির্মিত হয়েছে এই ভেন্যু। একাডেমি কর্তৃপক্ষের দাবি, দেশে কোনো দাবা একাডেমির নিজস্ব ভেন্যু হিসেবে এটি প্রথম।
২০০৭ সালে বগুড়ায় যাত্রা শুরু করে নাহার চেস একাডেমি। প্রতিষ্ঠাতা জাতীয় দাবা বিচারক ও আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোহাম্মদ নাজমুল হাসান রুমির উদ্যোগে ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নাহার চেস একাডেমির নিজস্ব দাবা ভেন্যু। উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হবে ‘এনসিএ দ্বিতীয় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট’। আলোচনা সভা শেষে কেক কেটে নাহার চেস একাডেমির নিজস্ব দাবা ভেন্যু’র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ জামান, নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, শিক্ষিকা নুরুন নাহার খানম। একাডেমীর পরিচালক নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু প্রমুখ।
এই ভেন্যুটিতে রয়েছে খেলার হলরুম, অফিস কক্ষ, রান্নাঘর, বাথরুম ও খেলোয়াড়দের জন্য ক্যান্টিন। পাশাপাশি তৈরি করা হচ্ছে আবাসিক ডরমিটরি।
দীর্ঘদিন ধরে দাবা প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখে আসছে একাডেমিটি। প্রতিষ্ঠানটির দাবি, এ পর্যন্ত এখান থেকে তৈরি হয়েছেন প্রায় অর্ধশত আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ু। যাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়সহ অনেকে।
১৯৯৯ সাল থেকে দাবা প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন নাজমুল হাসান রুমি। বিবি মরিয়ম গার্লস হাই স্কুলে টানা ১০ বছর বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ দেন তিনি। দাবা সংগঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে পেয়েছেন দেশসেরা দাবা সংগঠকের পুরস্কার।
নিজস্ব এই ভেন্যু প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দাবা চর্চা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

