এড. সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করার স্বপ্ন দেখছেন। তাঁর নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমান বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করার স্বপ্ন দেখছেন। গত নয় মাসে তিনি যেসব কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে দেশের ৯৫ শতাংশ মানুষ সন্তুষ্ট হয়েছে। তবে একটি অংশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু মানুষ দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে।”
তিনি বলেন, “আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা গত ১৬ বছর ধরে পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আশা করি, আগামীতেও দলের জন্য, সরকারের জন্য এবং জিয়া পরিবারের জন্য যে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায়ও আপনারা উত্তীর্ণ হবেন।”
নাশকতার প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, “ফ্যাসিস্টদের কিছু লোক দেশে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে। নারায়ণগঞ্জের মানুষ ইতোমধ্যে তাদের সেই অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপের চেষ্টা হলে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করতে হবে।”
তিনি নেতাকর্মীদের অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের শপথ নিতে হবে—আমরা কোনো অন্যায় কাজে অংশগ্রহণ করব না। দেশের ক্ষতি হয়, সরকারের বদনাম হয় কিংবা জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজে আমরা অংশ নেব না। আমরা সবাই সবসময় সজাগ থাকব।”
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা যারা বিএনপি পরিবারের সদস্য, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো শক্তিই আমাদের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা রাখে না। দেশের মানুষের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে এবং মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে পারি।”
তিনি উপস্থিত নেতাকর্মীদের তারেক রহমানের প্রতি আস্থা রেখে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে কাজ করার সামর্থ্য কামনা করেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

