শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৪, ৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার ষ্টীল মিল নামে এক রোলিং মিলে বাট্রি বিস্ফোরণের ঘটনায় আবির (৩০), নাবির (২৫), নাজমুল (৩০) ও রকিব (২৫) নামে চার শ্রমিক দগ্ধের ঘটনা ঘটেছে । আহতদের মধ্যে আবির (৩০) নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় ৯ টার দিকে আড়িয়াব প্রিমিয়ার ষ্টীল রোলিং মিল থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিলের চার শ্রমিক আহত হন। ঘটনার পরপরই রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বাট্রি লিক হয়ে গরম মালামাল নিচে পড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন বলেন, উপজেলার আড়িয়াব এলাকায় একটি রোলিং মিলে বাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।