মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

রোববার ২২ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।

‎থানা সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিববুল্লাহর নির্দেশনায় এসআই পংকজ কুমার আচার্য ও এএসআই জাফর পাট্টাদার সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন আসারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করেন। এসময় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।

‎রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে দ্রুত ঢাকার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ১০ গজ দূরে ঢাকাগামী লেনে পৌঁছালে মোটরসাইকেলটির পিছনের চাকা পাংচার হয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

‎পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কার্টুনের ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো দুই পোটলায় আনুমানিক ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ফেলে যাওয়া মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়।

‎ঘটনার পর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পৌরভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার পিতার নাম সিরাজ মিয়া। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার পশ্চিম বনগ্রামে হলেও বর্তমানে বরিশাল জেলার লালখাড়াবাড়ী এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জিসান পুলিশকে জানায়, মোটরসাইকেলটির চালক জীবন (২২) নামে আরেক ব্যক্তি, যার বাড়ি সোনারগাঁওয়ের কাঁচপুর বেহাকৈর এলাকায়। তারা কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে কাঁচপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। মোটরসাইকেলটি জীবন চালাচ্ছিল এবং গাঁজার কার্টুনটি জিসানের কোলে রাখা ছিল বলে সে স্বীকার করে।

‎সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি জীবনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।