মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এনসিপির এমপিকে ঘিরে জেলাজুড়ে কার্যক্রম বাড়াতে জোর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে এনসিপির এমপিকে ঘিরে জেলাজুড়ে কার্যক্রম বাড়াতে জোর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের বিজয় শুধু একটি আসন জয় নয়, বরং দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে নতুন শক্তির উত্থান হিসেবেই দেখছেন অনেকে। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে পরাজিত করে এই জয় এনসিপিকে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো সংসদীয় প্রতিনিধিত্ব এনে দিয়েছে।

দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী দলগুলোর আধিপত্য ছিল স্পষ্ট। সেই বাস্তবতায় এনসিপির এই বিজয় একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এটি দলটির সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কর্মীসমর্থন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির ফল ও আরো বিস্তৃত সুযোগ সৃষ্টি করে দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় আব্দুল্লাহ আল আমিন স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যা, কর্মসংস্থান, নগর ব্যবস্থাপনার দুর্বলতা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে গুরুত্ব দেন। এতে তরুণ ভোটারদের পাশাপাশি মধ্যবয়সী ও প্রবীণ ভোটারদের মধ্যেও আস্থার জায়গা তৈরি হয়।

ভোটের ফলাফল ঘোষণার পরপরই এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ এবং কর্মীসভায় বিজয়ের আনন্দ প্রকাশ করেন তারা। দলটির নেতারা বলছেন, এই ফলাফল প্রমাণ করে যে ভোটাররা বিকল্প রাজনৈতিক শক্তিকে সুযোগ দিতে আগ্রহী। তারা মনে করেন এনসিপি কেবল প্রতিবাদী রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না। বরং দলটি সংসদ ও রাজপথ দুই জায়গাতেই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

অন্যদিকে পরাজয়ের পর বিএনপি জোটের নেতারা ফলাফল মেনে নেওয়ার কথা জানালেও নির্বাচনী পরিবেশ ও কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাওয়াই এনসিপির জয়ের মূল কারণ। বিশেষ করে নতুন নেতৃত্ব ও ভিন্ন রাজনৈতিক ভাষা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

নতুন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কার্যক্রম জোরদার করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, এই এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে স্থানীয় সমস্যাগুলো জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।

সব মিলিয়ে এই নির্বাচনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে এনসিপি যে একটি দৃশ্যমান অবস্থান তৈরি করেছে। দলের নেতাকর্মীরা এখন জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছেন। রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাতেও এনসিপির তৎপরতা ও প্রভাব আরও বাড়তে পারে।