মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দায়িত্ব পেয়েই মাঠে সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব পেয়েই মাঠে সাখাওয়াত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে মাঠে নেমেছেন সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ না হতেই তিনি নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরাসরি কাজ শুরু করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চাষাঢ়া ঘুরে দেখেন তিনি। 

এ সময় তাকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কাজের তদারকি করতে দেখা যায়। রাস্তাঘাট পরিষ্কার, ময়লা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং যানজটপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকভাবে হচ্ছে কি না—সবকিছুই সরেজমিনে পর্যবেক্ষণ করেন নতুন প্রশাসক।

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় সাখাওয়াত হোসেন খান তাদের কাজের প্রশংসা করেন এবং নিয়মিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, একটি পরিচ্ছন্ন শহর শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়, এতে নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি দোকান মালিক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য ও জনস্বাস্থ্য রক্ষায় পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। দায়িত্বে থাকাকালীন সময়জুড়ে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। প্রয়োজনে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি ও কার্যকর তদারকি ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।

নগরবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে সাখাওয়াত হোসেন খান তাদের সমস্যার কথাও শোনেন। অনেকেই নিয়মিত ময়লা অপসারণ ও ড্রেন পরিষ্কারের দাবি জানান। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এর আগে গত রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান সাখাওয়াত। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন সাখাওয়াত।