মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান, এক লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান, এক লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে আল সামি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফতুল্লার মুসলিমনগর এলাকায় অবস্থিত কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনাকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়। একই সঙ্গে বিএসটিআইয়ের লাইসেন্স বা অনুমোদন ছাড়া সেমাই, নুডলস, ঘি-সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল বলে জানা যায়। এছাড়া উৎপাদন ও প্যাকেটজাতকরণ স্থানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করার বিষয়টিও ধরা পড়ে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো: শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।