মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হকার, যানজটের সমাধান ৬০ দিনে!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

হকার, যানজটের সমাধান ৬০ দিনে!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের হকার, যানজট ও অটোরিকশা জনিত সমস্যার সমাধানে আগামী ৫০ থেকে ৬০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরবাসীকে স্বস্তি দিতে বাস্তবমুখী ও কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়-এ স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তিনি পেয়েছেন এবং সেই নির্দেশনা অনুসরণ করেই দায়িত্ব পালন করতে চান। 

তিনি বলেন, আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনা ও শাসন ব্যবস্থার যে স্টাইল, সেই স্টাইলেই কাজ করতে।

নারায়ণগঞ্জ শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এটি আয়তনে ছোট একটি নগরী হলেও এখানে যানজটের মাত্রা অনেক বড় শহরের চেয়েও বেশি। কখনো কখনো মনে হয় ঢাকার চেয়েও এখানে বেশি যানজট। পুরো শহর যেন অটোরিকশার শহরে পরিণত হয়েছে। 

তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে চলাচলকারী অটোরিকশা, রাস্তার ওপর হকারদের দখল এবং ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ধুলোবালির কারণে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।

নবনিযুক্ত প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পরপরই সড়ক মেরামত, ধুলোবালি নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন এবং অটোরিকশা ব্যবস্থাপনা নিয়ে একটি স্বল্পমেয়াদি কিন্তু ফলপ্রসূ কর্মপরিকল্পনা গ্রহণ করবো। আমি ৫০ দিন বা ৬০ দিনের একটি কর্মসূচি নেব। এই সময়ের মধ্যেই অন্তত প্রধান সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করার চেষ্টা করবো।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে সাখাওয়াত হোসেন খান বলেন, নগর ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তিনি আশাবাদী।