মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২০, ২৩ জুন ২০২৬

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, নৈতিক শিক্ষা এবং চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়। একজন শিক্ষার্থীকে মানবিক, নৈতিক ও মানসিকভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পরিবার ও সমাজকেও একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, সামাজিক চাপ এবং পারিবারিক দূরত্বের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপে ভুগছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পাশাপাশি বিদ্যালয়গুলোতে কাউন্সেলিং কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ড বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। তিনি বলেন, “একটি শিশু যখন নিরাপদ ও সহায়ক পরিবেশে বেড়ে ওঠে, তখন তার মেধা ও মনন বিকশিত হয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধু হয়ে তাদের সমস্যা বোঝার চেষ্টা করা। একইসঙ্গে অভিভাবকদেরও শুধু পরীক্ষার ফলাফলের দিকে নজর না দিয়ে সন্তানদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণাবলি বিকাশেও গুরুত্ব দেয়। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, সময় ব্যবস্থাপনা, নৈতিক শিক্ষা এবং পারিবারিক সচেতনতা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।