মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নাশকতা প্রতিরোধে মাঠে ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৩, ২৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে নাশকতা প্রতিরোধে মাঠে ছাত্রদল

ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধের দাবিতে রূপগঞ্জে নিরাপত্তা মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি ভূলতা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাউছিয়া এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া এবং জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মসুম বিল্লাহ।

সমাবেশে নাহিদ হাসান ভূঁইয়া বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকেই প্রতিহত করবে। যারা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছে।