বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কে ফেরাতে এমপি দিপুর উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৯, ২০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কে ফেরাতে এমপি দিপুর উদ্যোগ

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেল সংযোগ স্থাপনের দাবি জোরালো করতে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া তাঁর একটি আধা সরকারি (ডিও) চিঠির পর বিষয়টি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

সংসদ সদস্যের পক্ষ থেকে গত ২২ জুলাই প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৩০ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে বলে নথি সূত্রে জানা গেছে।

দিপুর আবেদনে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। তাঁর যুক্তি, রাজধানীর সঙ্গে শিল্পনগরী নারায়ণগঞ্জের সরাসরি আধুনিক গণপরিবহন সংযোগ তৈরি হলে দীর্ঘদিনের যানজট ও যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে। একই সঙ্গে শিল্প, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

চিঠিতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, জেলাটিতে ছোট-বড় বিপুলসংখ্যক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। নিটওয়্যার, হোসিয়ারি, জামদানি ও বিভিন্ন শিল্পগোষ্ঠীর কারখানার কারণে নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে ঢাকাসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন।

সংসদ সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় চার লাখ মানুষ নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাতায়াত করেন। কিন্তু বিদ্যমান সড়ক যোগাযোগব্যবস্থায় যানজট ও গণপরিবহনের সীমাবদ্ধতার কারণে তাদের বড় ধরনের সময় ও অর্থের ক্ষতি হচ্ছে।

এর পাশাপাশি নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পানাম সিটি ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখতে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের একটি অংশ নারায়ণগঞ্জে আসেন। মেট্রোরেল চালু হলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি পর্যটন খাত সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আবেদনকারী।

চিঠিতে আরও বলা হয়েছে, রাজধানী ও এর আশপাশের জেলাগুলোকে নিয়ে পূর্বে যে গণপরিবহন পরিকল্পনা করা হয়েছিল, সেখানে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রস্তাবিত রুটে সাইনবোর্ড, ভূঁইগড়, জালকুড়ি, শিবু মার্কেট ও চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত সংযোগের বিষয়টিও উল্লেখ ছিল।

তবে পরবর্তী সময়ে মেট্রোরেলের রুট পরিকল্পনায় নারায়ণগঞ্জ শহরের অংশ বাদ পড়ার বিষয়টি সামনে আসায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য। তাঁর মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিল্প ও জনবহুল এই জেলার বড় একটি জনগোষ্ঠী আধুনিক গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত হবে।

এ কারণে নারায়ণগঞ্জ অংশকে মেট্রোরেল প্রকল্পের আওতায় পুনরায় যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বিএনপির সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আমরা আশা করছি, শিগগিরই নারায়ণগঞ্জ এমআরটি লাইনে যুক্ত হবে।”

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিপুর এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগ সংকট নিরসনে নতুন করে আলোচনা শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত করার বিষয়টি শেষ পর্যন্ত প্রকল্পের কারিগরি, অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।