ফাইল ছবি
প্লাস্টিক দূষণ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্বশীল করে তুলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে—“প্লাস্টিক রিসাইক্লিংই পরিবেশ দূষণ প্রতিরোধে মূল নিয়ামক।” এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বিদ্যালয়গুলোর অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি দলে তিনজন করে শিক্ষার্থী থাকবে। এর মধ্যে একজন মূল বক্তা, একজন সহায়ক বক্তা এবং একজন সংগঠকের দায়িত্ব পালন করবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৬টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দল নির্বাচন করা হবে। তবে প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ একটি দল অংশ নিতে পারবে।
আগ্রহী দলগুলোকে আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ছকে বিদ্যালয়ের প্যাডে আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে প্রধান শিক্ষক, অপরাজিতা নগর বিদ্যালয়, ১৫/১৪ লয়েল ট্যাংক রোড, টানবাজার, ১৫ নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সদর থানার পাশে—এই ঠিকানায়।
প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে দুই পক্ষের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য উপস্থাপন করতে হবে। বিতর্কের ভাষা হবে বাংলা। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানার পাশাপাশি পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে। একই সঙ্গে যুক্তি উপস্থাপন, বক্তৃতা ও নেতৃত্বের দক্ষতাও বিকশিত হবে।
প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলকে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানতে অপরাজিতা নগর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

