ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে কি না, তা শনাক্তে কাজ করবে পুলিশের বিশেষ টিম। গুজবের মাধ্যমে পূজার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সভায় পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় পুলিশকে দ্রুত অবহিত করার আহ্বান জানান পুলিশ সুপার।
হাবিবুর রহমান বলেন, গুজব শনাক্ত ও প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে। কোনো তথ্য বা ছবি ফেক কি না, কিংবা এআইয়ের মাধ্যমে তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কি না, তা যাচাইয়ের চেষ্টা করা হবে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও থাকবে।
তিনি বলেন, দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান করা গেলে পুলিশের পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে জেলা পুলিশ প্রস্তুত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
গত বছরের দুর্গাপূজার সময় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার নানা চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে এবং রাজনৈতিক দলগুলোও সক্রিয়। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এবারের দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে।

