ফাইল ছবি
এক হাতে মোবাইল ফোনে কথা বলা, আর অন্য হাতে ক্ষুদ্রাকার কালো কভারযুক্ত পিস্তলসদৃশ বস্তু নাড়াচাড়া করা, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে কালো টি-শার্ট পরা ওই যুবকের নাম শান্ত।
তিনি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই বলে জানা গেছে। শান্তর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সমাজবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং এলাকাবাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছেন। পুলিশের নির্লিপ্ততার সুযোগ নিয়ে এক ডজনেরও বেশি মামলা মাথায় নিয়েও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তবে ভিডিওতে তার হাতে থাকা কালো কভারযুক্ত পিস্তলসদৃশ বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নাকি খেলনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছিনুজ্জামান জানান, শান্তর বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

