বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৬ জেলার বাস কাঁচপুরে স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৬ জেলার বাস কাঁচপুরে স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

রাজধানী ঢাকার অভ্যন্তরীণ তীব্র যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী দেশের প্রায় ১৬টি জেলার দূরপাল্লার বাস এই নবনির্মিত কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যতো দ্রুত সম্ভব এই টার্মিনালের অবকাঠামোগত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই খুব শিগগিরই নির্দিষ্ট কিছু রোডের বাস এখানে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) চলাচলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সায়েদাবাদ টার্মিনাল থেকে ট্রানজিট অবস্থায় থাকা বাসগুলোর নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্যও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে।

​রাজধানীর সার্বিক পরিবহন খাত পুনর্গঠন ও আধুনিকায়নে নেওয়া সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও জানান, ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, সায়েদাবাদ থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখে চলাচলকারী ১৬টি জেলার দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা সম্ভব হলে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত চাপ ও যানজট অনেকাংশে কমে আসবে।

​প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাজেট সম্পর্কে প্রশাসক বলেন, যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমাতে আপাতত একটি অস্থায়ী শেড নির্মাণ করে কাঁচপুর টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরো কাঁচপুর বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।