ফাইল ছবি
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়নকে মারধর করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করেছেন আইনজীবী।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে এই ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, বারে আইনজীবীদের সভা চলাকালীন সময়ে দলবল নিয়ে সাখাওয়াত ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত হলে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে শার্টের কলারে ধরে মারধর করেন সাখাওয়াত। এ ঘটনার পরে উত্তেজিত আইনজীবীরা সাখাওয়াতকে অবরুদ্ধ করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান জানান, আমরা আইনজীবী সমিতির ভবনে আমার সাধারণ সম্পাদকের রুমে যখন দুপুরের খাবারে ব্যস্ত ছিলাম। তখন সাখাওয়াত হোসেন খান সাহেব, আজীজ মোল্লা ও কথিত পুত্র সাইদুল দুই চারজন আইনজীবী নিয়ে আমাদের রুমে প্রবেশ করে আমাদের গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমাদের পিপি ওমর ফারুক নয়নের গায়ে হাত তোলেন। এসময় আমরা প্রতিবাদ করলে তিনি পালিয়ে যেতে বাধ্য হন এবং সভাপতির রুমে গিয়ে আশ্রয় নেন। পরে আমরা তাকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখি। পরে তিনি ক্ষমা চেয়ে বিদায় নেন।
এর আগে আওয়ামী লীগের আমলেও বিএনপিপন্থী আইনজীবীরা কর্মসূচি পালন করতে গেলে বার ভবনের সামনে ওমর ফারুক নয়নকে ধাক্কা দিয়ে বের করে হেনস্থা করেছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জুয়েল ও সাধারণ সম্পাদক মোহসীন। এর দীর্ঘদিন পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন নাসিক প্রশাসক সাখাওয়াত, এমনটা বলছেন আইনজীবীদের একাংশ।

