স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ
কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে ‘আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ-এর আওতায় জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
সেমিনারে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করার অংশ হিসেবে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের প্রয়োজনের সময় সহজে স্যানিটারি প্যাড পাওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানান।
বক্তারা বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এর সঙ্গে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ জীবনও জড়িত। তাই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির পাশাপাশি স্বাস্থ্যবিধি বিষয়ে কিশোরীদের সঠিক ধারণা দেওয়া জরুরি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন জানায়, কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল শিক্ষা পরিবেশ তৈরির লক্ষ্যেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

