অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সাখাওয়াত হোসেন খান বলেন, কোনো নামধারী কমিটিতে যদি ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিংবা আওয়ামী লীগের লোকজন থাকে, তাদের ধরে আমাদের ফোন দেবেন। আমরা পুলিশ প্রশাসন পাঠাব। আপনারা কেউ মারবেন না, ধরে আটকিয়ে রাখবেন। আমরা তাদের পুলিশের হাতে তুলে দেব। যেহেতু তারা দেশের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সুতরাং তাদের আর প্রশ্রয় দেওয়া যায় না। একটি নিষিদ্ধ দল এ দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আজকের দেওয়া নির্দেশনা পালন করবেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের হোসিয়ারি কমিউনিটি সেন্টারে আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আজকে এখান থেকে গিয়ে আপনারা সবাই প্রস্তুতি নেবেন। বিভিন্ন জায়গায় অবস্থান করবেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসবেন। কোন ওয়ার্ড থেকে কতজন লোক নিয়ে আসলেন, সেটি আমরা হিসাব করব। শুধু তাই নয়, আমাদের অঙ্গসংগঠনগুলোর জন্য আলাদা আলাদা বাসের ব্যবস্থা করা হবে। কোন সংগঠন কতজন নেতাকর্মী নিয়ে আসল, নারী নেতাকর্মী কতজন উপস্থিত হলেন, শ্রমিক দল ও কৃষক দল কতজন নিয়ে আসল, সবকিছুই দেখা হবে।
তিনি বলেন, কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি থাকতে হবে। পাঁচ-ছয়জন নিয়ে এসে দায়িত্ব শেষ করলে চলবে না। প্রত্যেক ওয়ার্ড থেকে ৫০০ জন করে লোক আনার ব্যবস্থা করতে হবে। এখন আপনাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।
নেতাকর্মীদের সাংগঠনিক অবস্থান ধরে রাখার বিষয়ে সতর্ক করে সাখাওয়াত বলেন, এখন যদি আপনারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে না পারেন, তাহলে আপনাদের জায়গা অন্য কেউ দখল করে নেবে। আমরা চাই, আপনাদের অবস্থান আপনাদেরই থাকুক। কিন্তু আপনারা যদি কাজ না করেন, তাহলে আমরা কী করব? সুতরাং বিষয়টি মাথায় রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে সবাইকে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। সেখান থেকে পর্যাপ্ত বাসের মাধ্যমে নেতাকর্মীদের ঢাকায় নেওয়া হবে।
সমাবেশের স্থান প্রসঙ্গে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হলে মৎস্য ভবনের বিপরীতে হাইকোর্টসংলগ্ন বার কাউন্সিল এলাকায় অবস্থান নেওয়া হবে। আর পল্টনে সমাবেশ হলে বিআরটিসি এলাকায় সবাইকে উপস্থিত হতে হবে।
শেষে তিনি ১ ডিসেম্বরের সমাবেশ সফল করতে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।

