রোববার, ২৯ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুলিশ হত্যা, আসামিদের তথ্যে অভিযানে মিললো দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও গাঁজা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ নভেম্বর ২০২৬

পুলিশ হত্যা, আসামিদের তথ্যে অভিযানে মিললো দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও গাঁজা 

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে হাশেমবাগ এলাকায় তাদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল, গাঁজাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) হাশেমবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গত ২২ নভেম্বর ফতুল্লার হাশেমবাগ এলাকায় কনস্টেবল আনোয়ার মোল্লাকে একদল দুষ্কৃতিকারী নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়। 

তিনি জানান, গ্রেফতারদের একজন গুলিবিদ্ধ হওয়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচজনকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে গভীর জিজ্ঞাসাবাদে আসামি আব্দুল্লাহ ও আজাদ স্বীকার করেন যে, হাশেমবাগ এলাকায় তাদের একটি আস্তানা রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ নানা সামগ্রী মজুত রেখে তারা এলাকার মানুষকে হয়রানি, নির্যাতন ও ছিনতাই করে আসছিল। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা এতদিন মুখ খুলতে পারেননি। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা আজ ওই আস্তানায় অভিযান চালান। 

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দেশীয় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হবে। 

কনস্টেবল হত্যায় সরাসরি জড়িত সাত-আটজনের নাম ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে বলে জানান তারেক আল মেহেদী। তবে অভিযান চলমান থাকায় এবং তারা সতর্ক হয়ে যেতে পারে, এই আশঙ্কায় নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, তাদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা অবশ্যই তাদের গ্রেফতার করতে সক্ষম হব।