বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আজ যেন চাঁদ রাত, কাল ভোট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে আজ যেন চাঁদ রাত, কাল ভোট

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আনন্দে মেতে উঠেছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার নিজ এলাকা মুড়াপাড়া এলাকায় যেন চাঁদ রাতের আমেজ ফিরে এসেছে।

মুড়াপাড়ায় দিপু ভূঁইয়ার বাড়িতে নির্বাচন উৎসবকে ঘিরে জমকালো আলোকসজ্জা করা হয়েছে। রঙিন বাতি, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেননি। এবারের নির্বাচন তাদের কাছে শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং অধিকার ফিরে পাওয়ার আনন্দ। এক স্থানীয় ভোটার বলেন, ১৭ বছর পরে আমরা ভোট দেবো। এই ভোট আমাদের জন্য ঈদের মতো, উৎসবের মতো। তাই আজ রাতটা আমাদের কাছে চাঁদ রাত।

নির্বাচনী এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রগুলো সাজানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। ভোটাররা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন।

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের মতে, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বর্তমানে অন্য প্রার্থীদের তুলনায় বেশ এগিয়ে রয়েছেন। তার জনপ্রিয়তা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে নিচ্ছে বলে মনে করছেন অনেকে।

সব মিলিয়ে ভোটের আগের রাতে রূপগঞ্জ যেন আনন্দ, আশা ও প্রত্যাশার আলোয় আলোকিত। কালকের ভোটে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে মুখিয়ে আছেন এ এলাকার ভোটাররা।