বুধবার, ২৫ মার্চ ২০২৬

|

চৈত্র ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৪টি ঘাটে স্নানোৎসব হবে: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৭, ২৪ মার্চ ২০২৬

২৪টি ঘাটে স্নানোৎসব হবে: ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, লাঙ্গলবন্দ স্নানোৎসব আমাদের জন্য ঐতিহ্যের বিষয়। দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসেন। প্রতিবছরই আমরা প্রস্তুতি নেই। এবার ২৪টি ঘাটে স্নানোৎসব হবে। প্রতিবারই আমাদের প্রস্তুতির কিছু বিষয় থাকে। এখানে নাব্যতাটা ঠিক রাখা, পয়ঃনিষ্কাশন, খাবার পানির ব্যাবস্থা করা ও পার্কিংসহ সকল বিভাগেরই কাজ থাকে। বিদ্যুৎ বিভাগ তার কাজ করে ফেলেছে। এছাড়াও সিটি করপোরেশন ও জেলা পরিষদের পক্ষ থেকে খাবার পানির ব্যাবস্থা করা হচ্ছে ও টয়লেটগুলো তৈরি করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে এগুলো হয়ে যাবে।

মঙ্গলবার (২৪ মার্চ) লাঙ্গলবন্দ স্নানোৎসবের ঘাট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, এখানে বিআইডাব্লিউটিএ সীমানা নির্ধারণ করে দিয়েছে। এখানে চেঞ্জিং রুমও তৈরি করে দেয়া হয়েছে। এখানে সেবা কেন্দ্রে সরকারি জিআর অনুসারে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এখন ঈদের সময় হওয়ার হাইওয়েতে চাপ হওয়ার আশংকা রয়েছে। তবে আমরা ট্রাফিক বিভাগকে নিয়ে এটা নিয়ন্ত্রণে কাজ করছি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এখানে ১১শ পুলিশ ও ৬শ আনসার সদস্য মাঠে থাকবে। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবকেরা থাকবে এবং বিএনপির ২৫০ জন স্বেচ্ছাসেবক এখানে কাজ করবে।

এখানে চুরি ছিনতাই প্রতিরোধে আমরা কাজ করছি। দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন এডিসি এখানে চব্বিশ ঘণ্টা থাকবেন। প্রয়োজনে সেনাবাহিনীর একটি টিম এখানে টহলে থাকবে।

এখানে দশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও করা হচ্ছে। পাশাপাশি একটি মেডিকেল টিমও এখানে থাকবে। অসুস্থদের বহনের জন্য এখানে একটা রিকশাও থাকবে। যারা হাটতে পারেন না তাদের জন্য এটা করা হয়েছে। পাশাপাশি ছয়টি এম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে।