শনিবার, ১১ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছিনতাইকারীর অভিযোগে ধরে আনা হয় যুবককে, গণপিটুনীতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২১, ৫ জুলাই ২০২৬

আপডেট: ১১:০৫, ৫ জুলাই ২০২৬

ছিনতাইকারীর অভিযোগে ধরে আনা হয় যুবককে, গণপিটুনীতে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে গণপিটুনী দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

শনিবার (৪ জুলাই) রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।

ইন্নু মিয়া জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছেন। এ সংগঠনে অন্তত ৩০/৪০ জন সদস্য রয়েছে। কাউছার তার এ বাহিনীর লোকজন দিয়ে এলাকার অনেক যুবক ছেলেদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে। শনিবার রাত ৮টায় আমার ছেলে সিজানকে বাসা থেকে কাউসারের নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর ও যুবক বয়সের ছেলেরা ধরে নিয়ে যায়। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুটির সাথে বেধে বেধড়ক পেটানো হয়। তার ডান পায়ে পাইপ দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়া হয়। তখন নিথর হয়ে পড়লে মসজিদের ইমাম কাউসার খুটি থেকে হাতের বাঁধন খুলে আমার কাছে দিয়ে বলেন চিকিৎসা করো। এরপর খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মসজিদের ইমাম কাউসার বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ আছে। তাকে বাসা থেকে আনা হয়েছিলো বোঝানোর জন্য। সে যেনো খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে গণপিটুনী দেয়। যারা পিটুনী দিয়েছে তারা আমার কেউ না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা হবে।