ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ অভিযানকারী দল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযানে দেলপাড়া এলাকার লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির কারখানায় নকল শিশু খাদ্য উৎপাদন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রঞ্জন বণিক।
এ বিষয়ে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, পরিদর্শনের সময় দেখা যায় কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা ভোক্তাদের জানার অধিকার লঙ্ঘন করে। এছাড়া প্রস্তুতকৃত জুস ও শিশু খাদ্যে ফুড গ্রেড মান বজায় রাখা হয়নি বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে এবং জনস্বার্থে নারায়ণগঞ্জজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

