ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে যুগল চন্দ্ৰ (৪৮) নামে এক ধর্ম শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুগল চন্দ্ৰ (৪৮) পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত কাৰ্ত্তিক চন্দ্র শীল ও পুষ্প রানী শীলের ছেলে। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, যুগল চন্দ্ৰ পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন। এ বাড়িতেই স্কুলের ক্লাশের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান যুগল চন্দ্র। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। এরমধ্যে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে তিন দফায় তার বাসায় ধর্ষনের চেষ্টা করেন যুগল চন্দ্র। ৩১ জানুয়ারী বিষয়টি মায়ের কাছে জানান ওই ছাত্রী। এরপর স্থানীয় লোকজন জানতে পেরে থানায় খবর দেন।
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, যুগল চন্দ্র স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক। তার বিরুদ্ধে স্থানীয় লোকজন ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ করেছেন। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের পর এবিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

