মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বৃষ্টিতে এশিয়ান হাইওয়ের বেহাল দশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫০, ১৪ জুলাই ২০২৬

বৃষ্টিতে এশিয়ান হাইওয়ের বেহাল দশা

এশিয়ান হাইওয়ের সড়কে বড় বড় গর্ত

টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের মদনপুর থেকে গাজীপুর অংশের সড়ক এখন যেন একেকটি মরণফাঁদে পরিণত হয়েছে। চার লেন প্রকল্পের ধীরগতির কাজের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি জমে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, চালক ও ব্যবসায়ীরা।

মদনপুর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা সম্পন্ন হয়নি।

বর্তমানে রূপগঞ্জের চরপাড়া, কালাদী, নলপাথর, পুনাব, বরপা ও তারাবসহ বিভিন্ন এলাকায় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। গত ১০ দিনের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বুঝতে পারছেন না চালকরা।

স্থানীয়রা জানান, এক লেনের রাস্তা দিয়ে যান চলাচল করতে হচ্ছে। এর মধ্যে কোনো মালবাহী ট্রাক বা অন্য যানবাহন বিকল হলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় হাজারো মানুষকে। 

প্রায় প্রতিদিনই এই এলাকায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরাও। অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। চাকরিজীবীরাও নির্ধারিত সময়ে কর্মস্থলে যেতে হিমশিম খাচ্ছেন। ব্যবসায়ীরাও প্রয়োজনীয় পণ্য পরিবহনে সমস্যায় পড়েছেন।

তিন চাকার যানবাহনের চালকদের অভিযোগ, সড়কের অবস্থা এতটাই খারাপ যে এ পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই উল্টো পথে চলাচল করছেন, ফলে যানজট আরও বাড়ছে।

চালক ও যাত্রীরা জানান, প্রতিদিন শত শত যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। বৃষ্টির কারণে গর্তগুলো পানিতে ডুবে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। অনেক সময় অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। ধুলাবালির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন চালক ও পথচারীরা। সম্প্রতি একটি অটোরিকশা উল্টে গিয়ে এক যাত্রীর পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।

পূর্বাচল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে এবং এশিয়ান হাইওয়ের উন্নয়নকাজ চলমান থাকায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গ্রিন ইউনিভার্সিটির সামনের অংশে কাঁচা রাস্তা থাকায় সেখানে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে। ওই অংশের কাজ শেষ হলে যানজট অনেকটাই কমে আসবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। বৃষ্টির পানি সরে গেলেই গর্তগুলো দ্রুত ভরাটের উদ্যোগ নেওয়া হবে।