প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ডিক্রিরচর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সঙ্গে ফুটবল খেলতে বের হয় রমজান। খেলা শেষে তারা নদীতে গোসল করতে যায়। পরে তারা সবাই বাড়িতে ফিরে গেলেও রমজান আর বাড়িতে ফেরেনি।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাইকিং করেও রমজানের সন্ধান করা হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রমজানের মরদেহ শনাক্ত করেন তার বাবা।
নিহতের বাবা শহিদুল ইসলাম বলেন, রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়িতে ফিরে এলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেছি। আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি, আমার ছেলে আর নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি নদীতে হওয়ায় নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

