ইপু গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও জেলা তাঁতী লীগের জেলা যুগ্ম আহবায়ক মো. ইরফান উদ্দিন ওরফে ইপুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইরফান উদ্দিন ইপু ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকার দারুস সালাম রোডের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত ইপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

