ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও ফৌজদারি কার্যবিধির অধীন আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মদনগঞ্জ-ফুলহরগামী রোডের আমীরের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার এসআই (নিঃ) মোঃ রাজিউর রহমান, এএসআই মোঃ নূর-আলম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলমকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আলম আড়াইহাজার থানার কৃষ্ণপুরা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
একই রাতে পরিচালিত অভিযানে পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের ‘নাজির ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার’-এর মালিক মোঃ নাজির হোসেন, মদনপুর আন্দিরপাড় এলাকার সোহাগের ছেলে জিদান (২৩) এবং ধামগড় ইস্পাহানি বাজার এলাকার সোলেমানের ছেলে তরিকুর ইসলাম (২৪)।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির (ফৌঃ কাঃ বিঃ) ১৫১ ধারায় আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— বন্দর জামাই পাড়া এলাকার ওমর আলীর ছেলে মোঃ সুজন ওরফে সম্পদ (৩০) এবং লক্ষ্যারচর নমুনা বাজার এলাকার মৃত শাহজাহানের ছেলে মোঃ আল আমিন (৩৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

