বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ৭ অক্টোবর ২০২৬

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবী

রিয়াদ মোহাম্মদ চৌধুরী

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। 

বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “আমরা বিগত কয়েক মাস ধরে শুনছি, বক্তাবলী ও আলীরটেক এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এর আগেও নৌ পুলিশ, কোস্টগার্ড ও সদর উপজেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছিলো।”

তিনি আরও বলেন, “যারা এসব করছে, তাদের এমন কী ক্ষমতা যে তারা সবাইকে উপেক্ষা করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে? প্রশাসনের সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব—এটা আমরা ইতিমধ্যে দেখেছি।”

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসন ও পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইন প্রয়োগে সবার প্রতি সমান আচরণের দাবি জানান তিনি।

আইন শৃংখলা কমিটির আলোচনা সভার পরপরই  আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।

 এ সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছরই বিভিন্ন ধরনের অপপ্রচার ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়। তবে নারায়ণগঞ্জে ধর্মীয় উৎসব পালনে কোনো ধরনের বাধা বা নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, “প্রশাসনের পাশাপাশি আমরা দলীয়ভাবেও পূজামণ্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করব। সদর উপজেলাসহ ফতুল্লা এলাকার পূজামণ্ডপগুলোতে আমরা সহযোগিতা করে থাকি। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য ইউএনও সুন্দর ব্যবস্থা করেছেন।”