ফাইল ছবি
রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল ফেনসিডিলজাতীয় কফ সিরাপ (স্কাফ) উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডেমরা থানার খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার একতা ভবনের ষষ্ঠ ও সপ্তম তলার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইদ্রিস (৫৩), একই এলাকার মো. লিটনের ছেলে মো. হৃদয় (২০), মৃত দুদু মিয়ার ছেলে মো. ফয়সাল (২১) এবং মো. ইদ্রিসের ছেলে মো. ইয়াসিন (২১)।
র্যাব জানায়, অভিযানে তাদের দখল থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে ডেমরা এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া সীমান্তবর্তী এলাকা থেকে বড় আকারের মাদকের চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।
র্যাব-১১ আরও জানায়, এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে ডিএমপির ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

