ফাইল ছবি
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা৷ তবে নির্বাচনে পরাজিত হলেও নিজেদের দলীয় আদর্শ ও ইসলামিক মূল্যবোধের প্রতি অটল থাকার কথা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
দলটির নেতাকর্মীরা বলছেন, আমরা বিজয়ী হতে না পারলেও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। দলীয় আদর্শ নিয়েই আমরা রাজপথে লড়ে যাব।
দলটির নেতাকর্মীরা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমাদের আমীর পীর সাহেব চরমোনাই ইসলামী মূল্যবোধের ব্যাপারে আপোষহীন। আমাদের জামানত বাজেয়াপ্ত হলেও ইসলাম তো বাজেয়াপ্ত হয়নি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–এর পাঁচটি আসনে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে প্রতিটি আসনেই ভোটের হার ছিল তুলনামূলকভাবে কম, যা জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেনি।
নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ ইমদাদুল্লাহ পেয়েছেন ৭ হাজার ১৮৬ ভোট। একইভাবে নারায়ণগঞ্জ-২ আসনে মোঃ হাবিবুল্লাহ পেয়েছেন ৫ হাজার ২৬৫ ভোট। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটের ব্যবধান ছিল অনেক বেশি।
নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী গোলাম মসীহ্ তুলনামূলকভাবে কিছুটা বেশি ভোট পেলেও তা ছিল ১৪ হাজার ২২৩, যা জামানত রক্ষার জন্য যথেষ্ট হয়নি। নারায়ণগঞ্জ-৪ আসনে মোঃ ইছমাঈল হোসেন কাউছার পেয়েছেন ১৬ হাজার ৭৪৬ ভোট, আর নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন ৭ হাজার ৭০৮ ভোট।

