মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরাজয়ে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পরাজয়ে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসন দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। অতীতের প্রায় সব নির্বাচনে এই দুই আসনে বিএনপির প্রভাব ছিল চোখে পড়ার মতো। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। নারায়ণগঞ্জ-৫ আসনে কোনোমতে জয় পেলেও নারায়ণগঞ্জ-৪ আসনে দলকে গুণতে হয়েছে শোচনীয় পরাজয়ের মুখ। এই ফলাফল ঘিরে দলটির স্থানীয় নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এলাকায় জনপ্রিয় ও ত্যাগী নেতারা থাকা সত্ত্বেও সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের। এর ফলে মাঠপর্যায়ে দলের শক্তি কাজে লাগানো যায়নি। তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তের দূরত্ব বাড়তে থাকে, যা নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই।

দলে কোন্দল, অভ্যন্তরীণ বিরোধ ও সাংগঠনিক বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে, যা নির্বাচনের সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

ফতুল্লা থানা বিএনপির অবস্থা খুব একটা ভালো নয়। থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে সংগঠন প্রত্যাশিত শক্তি ধরে রাখতে পারেনি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তার সময়ে ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে। নিয়মিত সভা-সমাবেশ, কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ—সব ক্ষেত্রেই ঘাটতি স্পষ্ট।

সব মিলিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ভেতরে নেতৃত্ব সংকট এখন প্রকাশ্য। একসময় যে এলাকা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে আজ দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্বে পরিবর্তন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন এবং তৃণমূলকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে এই অঞ্চলে বিএনপির অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়তে পারে।