ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমাদের মধ্যে যেন বিভেদ না হয়। আমাদের অনুষ্ঠানটি এমন ভাবে আয়োজন করা উচিত যেন আমাদের বাচ্চারা স্বতস্ফুর্ত ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পারায় আমি প্রশাসনের সকল কর্মকর্তা ও অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। গণতন্ত্রে উত্তরনের পথে আপনাদের সকলের ভূমিকা জাতি মনে রাখবে।
আমরা চাই ভাষা আন্দোলনের অনুষ্ঠানটির মাধ্যমে আমরা নারায়ণগঞ্জবাসীকে বার্তা দিতে চাই যে আমাদের জন্য সবার আগে বাংলাদেশ। সকলকে নিয়েই আমরা এটা করতে চাই। কোন বিতর্ক যেন সৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা কঠোর ভূমিকা পালন করবেন।
আমরা প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মান দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। নির্বাচনের পরে দেশের প্রতিটি মানুষ এর প্রশংসা করেছে। তারপরেও সমালোচনার জন্য অনেকে অনেক মন্তব্য করে। আমরা যেন এগুলো থেকে বের হয়ে আসতে পারি সেটাই আমাদের প্রত্যাশা।
নতুন বাংলাদেশের নতুন একুশে ফেব্রুয়ারি আমরা জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করতে চাই। ইতিহাস বিকৃতি করে কেউ যেন স্থান না পায় সেজন্য আমাদের জেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা নিয়ে এটা নিয়ে কাজ করা হবে। আমি শিক্ষা অফিসারদের বলবো স্কুলে যেন শিক্ষার্থীদের বিভ্রান্ত করে প্রচারণা চালানো না হয়।
আমরা শুনি অনেক শিক্ষক আছে। আপনারা রাজনীতি করবেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। শিক্ষককে নিরপেক্ষ থাকতে হবে। অনেক শিক্ষক নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছেন। আমি শিক্ষা অফিসারকে বলবো এটা অবশ্যই পরিহার করতে হবে।

