মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জব্বার মামুন নাকি তনু, জোটের মেয়র প্রার্থী কে?

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জব্বার মামুন নাকি তনু, জোটের মেয়র প্রার্থী কে?

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ১১ দলীয় জোট থেকে মেয়র প্রার্থী কে হচ্ছেন—তা নিয়ে জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, এবারও কি জোট এককভাবে কোনো দলীয় প্রার্থী দেবে, নাকি শরিকদের সমর্থনের কৌশলেই এগোবে—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সিটি নির্বাচনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেই আসন ছেড়ে দেন এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পক্ষে। এই সিদ্ধান্তে তিনি জোটের রাজনীতিতে একজন ত্যাগী ও কৌশলী নেতা হিসেবে পরিচিতি পান। ফলে মেয়র পদে তার নাম সামনে আসায় নেতাকর্মীদের মধ্যে আগ্রহও তুলনামূলক বেশি।

একই সঙ্গে আলোচনায় রয়েছেন খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন এবং স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা ও শহরকেন্দ্রিক জনপ্রিয়তা তাকে মেয়র প্রার্থীর আলোচনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা শহরের একটি বড় অংশের ভোটারদের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এসেছে। দলটির কেন্দ্রীয় নেতা আহমেদুর রহমান তনু মেয়র পদে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে এনসিপির উত্থান এবং সংসদীয় আসনে তাদের সাফল্য দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। এনসিপি আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে তনুই হতে পারেন তাদের প্রধান ভরসা।

সব মিলিয়ে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের ভেতরে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জোটের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে—কাকে সামনে রেখে মাঠে নামলে ভোটের সমীকরণে সুবিধা হবে। শেষ পর্যন্ত জোট একক প্রার্থী দেবে, নাকি কৌশলগত সমর্থনের পথে হাঁটবে, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক হিসাব-নিকাশের ওপর। 

তবে নিশ্চিতভাবেই বলা যায়, এই নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতি আরও জমে উঠতে যাচ্ছে।