ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের কথিত ক্যাশিয়ার হিসেবে পরিচিত এক ব্যক্তি বর্তমানে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচারে জড়িত রয়েছেন।
শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে টিপু এই দাবি করেন।
স্ট্যাটাসে টিপু বলেন, ওসমান পরিবারের কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার থাকায় তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আজমেরী ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই ব্যক্তি শাহেদ আহমেদের সহযোগিতায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।
টিপুর ভাষ্য, “ওসমান পরিবারের তৎপরতার বিরুদ্ধে আমি বারবার কথা বলায় তারা রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে চায়। এজন্য বিভিন্ন মহলকে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া ওসমান পরিবারের অনুসারীরা সুযোগ বুঝে কল্পিত গল্প তৈরি করে তার বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে দলের ভেতরে থাকা কিছু সুবিধাবাদীও এ কাজে ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে টিপু বলেন, একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “যত ষড়যন্ত্রই হোক, আমি ওসমান পরিবারের তৎপরতার বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না এবং রাজপথও ছাড়বো না।”
এদিকে স্ট্যাটাসে আজমেরী ওসমানের সেই সহযোগী হিসেবে অভিযুক্ত ব্যাক্তির পরিচয় জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, কালা ছেলেটি খানপুরে থাকে। আওয়ামী লীগের আমলে আজমেরী ওসমানের হয়ে মৌমিতা পরিবহন নিয়ন্ত্রণ ও চাঁদা তুলতেন কালা। পাঁচ আগষ্টের পরে যুবদল নেতা শাহেদসহ যারা বর্তমানে মৌমিতা পরিবহন নিয়ন্ত্রণ করে তাদের ক্যাশিয়ার হিসেবে এই কালা কাজ করছে।

