ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।
গত রোববার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে উঠা এসব অভিযোগের কোনো সত্যতা পায়নি প্রশাসন।
এর আগে, রোববার দুপুরে রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেওয়া হয়। বিকেল ৫টায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় এবং পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার ডিবি কার্যালয়ে পাঠানো হয়। তবে নিবিড় জিজ্ঞাসাবাদের পরও চাঁদাবাজির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না মেলায় তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।
এদিকে নিজের বিরুদ্ধে আনা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খায়রুল ইসলাম সজীব।
ষড়যন্ত্রমূলক এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।
একই সাথে তিনি দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য পরিহার করে সমাজ ও রাষ্ট্রের সামনে সঠিক সত্যটি তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোনো পক্ষের উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হয়ে, যেকোনো সংবাদের সত্যতা ও সঠিক তথ্যটি সাহসিকতার সাথে তুলে ধরুন। সত্যের জয় চিরকালই নিশ্চিত।
একই সাথে, এই মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে যুবদল থেকে তার বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সোনারগাঁয়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

