আবদুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পরিচালিত যেকোনো অভিযানে তার পূর্ণ সমর্থন থাকবে। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে কাউকে বেছে নয়, সকল অপরাধীর বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে আবদুল্লাহ আল আমিন বলেন, এই এরেস্ট যদি চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে হয়ে থাকে, তাহলে আমি এটিকে সাধুবাদ জানাই। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে।
তিনি বলেন, শুধু একজনকে কেন্দ্র করে ব্যবস্থা নিলে হবে না। নারায়ণগঞ্জে আরও অনেক চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী রয়েছে, যাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এমপি আবদুল্লাহ আল আমিন তার পোস্টে অভিযোগ করে বলেন, গার্মেন্টস কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীদের জিম্মি করা চাঁদাবাজ, হত্যা মামলার আসামি, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত ব্যক্তি এবং মাদকের স্পট পরিচালনা বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দু-একজনের বিরুদ্ধে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হলে মানুষের মনে প্রশ্ন তৈরি হতে পারে এবং বিষয়টি দলীয় অন্তর্কোন্দলের অংশ বলেও মনে হতে পারে। তবে আমরা চাই এই ঘটনাকে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রয়োগ হিসেবেই দেখা হোক।

