বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রোধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) রাতে শহরের মিশনপাড়া এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়।
মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং যে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক অবস্থানের বার্তা দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা অতীতে সন্ত্রাস, দখলবাজি ও জনগণের অধিকার হরণ করেছে, তারা আবারও কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

