মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে ডিসির হস্তক্ষেপ কামনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৩, ২২ জুন ২০২৬

আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে ডিসির হস্তক্ষেপ কামনা

আরবান স্কুলে পানির সংকট নিরসনে এগিয়ে এসেছেন তনু

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেললাইনের পাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান আরবান স্কুলে পানির সংকট নিরসনে এগিয়ে এসেছেন উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।

সোমবার (২২ জুন) দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন করেন এবং উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের পক্ষ থেকে একটি পানির মোটর স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসারের কাছে হস্তান্তর করেন। সম্প্রতি বিদ্যালয়ের একমাত্র পানির মোটর চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছিল। তীব্র গরমের মধ্যে সুপেয় পানির অভাবে কোমলমতি শিশুদের কষ্টের বিষয়টি জানার পরই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

স্কুল পরিদর্শনকালে আহমেদুর রহমান তনু বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "এই স্কুলের শিশুরা সমাজের সুবিধাবঞ্চিত অংশের প্রতিনিধি। তাদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।"

তিনি আরও বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়া। সমাজের যে মানুষগুলো নানা কারণে বঞ্চিত, তাদের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এই শিশুদেরও সেই অধিকার রয়েছে।"

বিদ্যালয়ের করুণ অবস্থা এবং সীমাহীন সংকটের কথা তুলে ধরে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে স্কুলের কিছু জমি বেদখল হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "এই বিদ্যালয়ের বেদখল হওয়া জায়গা উদ্ধারে জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ প্রয়োজন। আমি তার কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই, তিনি যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।"

তনু বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাদের এগিয়ে নিতে সরকারি, বেসরকারি, সামাজিক এবং স্থানীয় পর্যায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকারও।"

এসময় স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা কাউসার পানির মোটর প্রদান করায় উই আর ভলেন্টিয়ার নারায়ণগঞ্জ ও আহমেদুর রহমান তনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পানির মোটর চুরি হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিল। নতুন মোটর পাওয়ায় শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট অনেকটাই দূর হবে।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত আরবান স্কুল দীর্ঘদিন ধরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান করে আসছে। অবকাঠামোগত সংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং নানা প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটি শতাধিক শিশুর শিক্ষার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছে।