ফাইল ছবি
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব-১১।
সোমবার (২২ জুন) র্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং এর আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মহাসড়কে যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করছে র্যাব-১১।
জননিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
এছাড়া জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইউনিফর্মধারী টহল দলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

